ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, হাদি হত্যার বিচার কেন এখনও শুরু হয়নি। তিনি উল্লেখ করেন, হাদি ছিলেন গণমানুষের অত্যন্ত প্রিয় মুখ। সরকারে থাকা অবস্থায় তিনি আশা করেছিলেন, হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে হবে এবং তাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে। তবে বাস্তবে বিচার শুরুও হয়নি।
আসিফ নজরুল আরও জানান, এবছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। কিন্তু মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর ফলে আদালত অভিযোগপত্র গ্রহণ করতে পারেনি এবং মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। এই তদন্ত এখনও শেষ হয়নি, তাই বিচারও শুরু করা যায়নি।
তিনি উল্লেখ করেন, সিআইডি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং আর নারাজি না এলে বিচার শুরু হবে। তবে তদন্তে ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য কারণে বাদী আবারও নারাজী দিলে বিচার আরও বিলম্বিত হতে পারে। আদালত চাইলে বাদীর নারাজি অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে, তবে এতে বিতর্কের সম্ভাবনা থাকে।
শেষে আসিফ নজরুল বলেন, “তদন্ত ও বিচার আসলে সরল বিষয় নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব কমানো সম্ভব এবং সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা সম্ভব।”