শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী বৃদ্ধি এবং নৈতিক শিক্ষার অবক্ষয় রোধের জন্য সরকার প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, সরকার কেবল ইসলাম শিক্ষা নয়, বরং সব ধর্মের নৈতিক শিক্ষার প্রসারে শিক্ষক নিয়োগের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়মনীতির আওতায় আনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তবে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন দেখা দিলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সরকার পুনরায় আবেদন আহ্বান করবে এবং দীর্ঘদিনের পুরোনো আবেদনগুলো নতুন করে যাচাই-বাছাই করা হবে।
সংসদের অধিবেশন শুরু হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।