সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোতে ভয়াবহ হামলার ঘটনায় ইরানের নাম যুক্ত করার চেষ্টা চলছে। তবে ইরান তা অস্বীকার করে বলেছে, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রয়েছে এবং তারা নকল ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের নকল সংস্করণ ‘লুকাস’ ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা।
এদিকে, কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি নিশ্চিত করেছেন, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেমে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “বেশ কয়েকটি ড্রোন বিমানবন্দরের রাডার সিস্টেমে সরাসরি আঘাত করেছে।”
কারা এই হামলার দায়ে দায়ী, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন, পশ্চিমা দেশগুলো সম্ভবত এর দায় ইরানের ওপর চাপাবে। ইরান বিষয়টি স্বীকার করবে কি না, তা এখনও প্রশ্নবোধক।