সারা দেশের শিক্ষা বোর্ডগুলোতে প্রশ্নপত্রের মান ও পরীক্ষার মূল্যায়নে সমতা আনতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে খাতা মূল্যায়নে “যা লিখেছে তাই নম্বর” নীতি আরও কঠোরভাবে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোড-এ নিজের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, পরীক্ষায় নকলের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অতীতে যেভাবে নকলবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল, প্রয়োজন হলে আবারও সেভাবে অভিযান চালানো হবে। পরীক্ষার সময় কোথাও নকলের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান, পরীক্ষায় নকল রোধে প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রয়োজনে ভিডিও নজরদারির ব্যবস্থা করা হতে পারে, যাতে অনিয়মের প্রমাণ সংরক্ষণ করা যায়।
পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা যেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে না পারে—এ বিষয়ে নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীর যোগসাজশ কমবে এবং নকলের সুযোগও কমে আসবে। তবে দুর্গম এলাকা, হাওর বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী ব্যতিক্রম রাখা হতে পারে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতে খাতা ঠিকভাবে মূল্যায়ন না করেও অনেক শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পাসের হার কিছুটা কমে যাওয়ার পেছনে সেই বাস্তবতাও কাজ করছে। তবে দীর্ঘমেয়াদে শিক্ষার মান উন্নত করে বাস্তবসম্মত ফলাফল নিশ্চিত করা হবে।
এসময় এমপিওভুক্তির জটিলতা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, মন্ত্রণালয়ে কোনো ফাইল অকারণে দীর্ঘ সময় আটকে রাখা হবে না। নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি সময় অযথা স্থগিত না থাকে।