দেশে জ্বালানি তেল ক্রয়ে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রোববার (১৫ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, বর্তমানে ইরান ও ইসরাইল-এর মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। এ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে।
জনগণের আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের জ্বালানি চাহিদা বিবেচনায় নিয়ে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে দেশের সব বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।