মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ আহ্বানের পরও মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে— এমন খবর নাকচ করেছে ফ্রান্স।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে— এমন যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়।
মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের যুদ্ধজাহাজ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে অবস্থান করছে এবং দেশটির অবস্থান এখনো আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক। ফ্রান্স আপাতত কোনো যুদ্ধে অংশ নিচ্ছে না বলেও জানানো হয়েছে।
এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, গত বছরও ইরান-এর সঙ্গে সংঘাতে জড়ানোর সময় ইসরায়েল ইন্টারসেপ্টরের সংকটে পড়েছিল। এবার ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টর ব্যবস্থার ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।