রাশিয়ান তেল কেনার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে কটাক্ষ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সামাজিক মাধ্যমে তিনি ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ‘পোষা কুকুর’ বলে বিদ্রূপ করেন।
শুক্রবার (১৩ মার্চ) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলা শুরুর প্রায় দুই সপ্তাহ পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেল কিছু দেশের জন্য কেনার অনুমতি দেওয়া হবে।
এই ঘোষণার পর নিউসমের প্রেস অফিস সামাজিক মাধ্যমে একটি এআই দিয়ে তৈরি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, ভ্লাদিমির পুতিন একটি লিশ ধরে ডোনাল্ড ট্রাম্পকে কুকুরের মতো হাঁটাচ্ছেন।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনা এবং জ্বালানির দাম কম রাখতে ট্রাম্প প্রশাসন ‘দৃঢ় পদক্ষেপ’ নিচ্ছে। তার দাবি, এই স্বল্পমেয়াদি পদক্ষেপে রাশিয়ান সরকারের বড় ধরনের আর্থিক লাভ হবে না।
এর আগে ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে সোমবার তেলের দাম প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। পরে তা কমে বৃহস্পতিবার প্রায় ১০০ ডলারে স্থির হয়।
বিশ্ব তেলবাজারের অস্থিরতার একটি বড় কারণ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অব হরমুজ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। অভিযোগ রয়েছে, ইরান কার্যত এই জলপথ বন্ধ করে দিয়েছে এবং সেখানে চলাচলকারী জাহাজে হামলার হুমকিও দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারত-কে আগামী ৪ এপ্রিল পর্যন্ত রাশিয়ান তেল কেনার অনুমতি দিয়েছে। একই সঙ্গে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের কৌশলগত তেল মজুত ব্যবহারের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।
অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন সামরিক বাহিনী সেখানে মাইন বসানোর অভিযোগে কয়েকটি জাহাজ ধ্বংস করেছে বলেও জানানো হয়েছে। প্রয়োজনে মার্কিন নৌবাহিনী বা আন্তর্জাতিক জোট তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে এই পথ পার করে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট।