প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণপরিবহনে তেলের রেশনিং তুলে নেওয়া হচ্ছে

গণপরিবহন, তেলের রেশনিং, জ্বালানি সরবরাহ, দূরপাল্লার বাস, সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিপিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬

দূরপাল্লার বাসসহ গণপরিবহনে শনিবার (১৪ মার্চ) রাত থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার রাজধানীর গুলিস্তান এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকেই বাসগুলো পর্যাপ্ত তেল পাবে।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়ে দেশের জ্বালানি সরবরাহে। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের জন্য তেল সরবরাহে সীমা নির্ধারণ করে।

সে নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারত এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়ার অনুমতি ছিল।

এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল পেত। পিকআপ বা লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারত। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল নেওয়ার অনুমতি পেত।

তবে গণপরিবহনের ক্ষেত্রে তেলের রেশনিং তুলে নেওয়া হলেও ব্যক্তিগত যানবাহনের জন্য নতুন কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা