আজ ১৪ মার্চ বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে বিশ্ব পাই (π) দিবস। গণিতের গুরুত্বপূর্ণ ধ্রুবক পাই (π)-এর সম্মানে প্রতিবছর এ দিনটি পালন করা হয়। পাই-এর মান প্রায় ৩.১৪ হওয়ায় মার্চ মাসের ১৪ তারিখকে (৩/১৪) কেন্দ্র করেই এই দিবস উদ্যাপনের প্রচলন হয়েছে।
পাই গণিতের অন্যতম বহুল ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ একটি ধ্রুবক সংখ্যা। এটি একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে প্রকাশ করে। পাইয়ের মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯… এবং এই সংখ্যা অসীম ও পুনরাবৃত্তিহীন। অর্থাৎ এর শেষ কোথায় তা এখনো জানা যায়নি।
জানা যায়, ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ১৪ মার্চ বিশ্বজুড়ে পাই দিবস উদ্যাপন করা হয়ে আসছে। পরে ২০১৯ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেয় এবং বিশ্বব্যাপী উদ্যাপনের উদ্যোগ নেয়।
ইতিহাসে পাইয়ের প্রথম নির্ভুল হিসাব করা হয় প্রায় খ্রিস্টপূর্ব ২৫০ সালে। এ গণনা করেছিলেন প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস। তিনি বিভিন্ন জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে পাইয়ের মান ৩.১৪০৮৪৫ ও ৩.১৪২৮৫৭-এর মধ্যে নির্ধারণ করেছিলেন।
পরবর্তীতে ১৭০৬ সালে গণিতবিদ উইলিয়াম জোনস প্রথমবারের মতো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বোঝাতে গ্রিক অক্ষর ‘π’ ব্যবহার করেন।
পাই গণিত ছাড়াও পদার্থবিজ্ঞান, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞানসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাচীন ব্যাবিলন ও মিসরীয় সভ্যতাতেও বিভিন্ন গণনায় পাইয়ের ব্যবহার পাওয়া যায়।
অদ্ভুত ও রহস্যময় এই সংখ্যাটিকে ঘিরে এখনো বিশ্বজুড়ে গবেষণা চলছে এবং এর অসীম ধারার কারণে পাই বিজ্ঞানী ও গণিতবিদদের কাছে আজও বিস্ময়ের উৎস।