প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়া ঠেকাতে সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়া ঠেকাতে সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬

শামা ওবায়েদ ইসলাম তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। এ লক্ষ্যে নিজের নির্বাচনী এলাকা ফরিদপুর-২ আসনের দুটি উপজেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকতে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জারি করা ওই নির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে বলা হয়, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে— এমন অভিযোগ পাওয়া গেছে। তাই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি যদি প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তা গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সতর্কবার্তার অনুলিপি নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব-রেজিস্ট্রার এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাই সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

কেউ যদি তার নাম ভাঙিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা