বাগদাদ-এ অবস্থিত মার্কিন দূতাবাস-এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) সকালে এই হামলা চালানো হয়। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
বার্তা সংস্থা Associated Press-এর খবরে দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র রাজধানীর অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় প্রবেশ করে সরাসরি দূতাবাস চত্বরে আঘাত হানে। এই গ্রিন জোন এলাকাটি ইরাক সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন বিদেশি দূতাবাসের জন্য নির্ধারিত।
অন্যদিকে একটি নিরাপত্তা সূত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, একটি ড্রোন ব্যবহার করেও কূটনৈতিক মিশনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
জানা গেছে, বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এই ড্রোন হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এটি ওই ঘটনার প্রতিক্রিয়ায় চালানো পাল্টা হামলা হতে পারে।
উল্লেখ্য, গত ৮ মার্চ ধারণ করা একটি ছবিতে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের সদর দপ্তর দেখা গিয়েছিল। হামলার একদিন আগে শুক্রবার দূতাবাসটি ইরাকের জন্য ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা নবায়ন করেছিল। এতে সতর্ক করে বলা হয়েছিল, ইরান এবং ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতেও মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে।