প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেলে আহত ৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০) ও আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম ,মোতালেব, হোসেন ও রঞ্জু মিয়া । গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে তার বাস চালানোর দায়িত্ব দেন। বাস চালক আনিছ নিয়মিতভাবে সঠিক হিসাব দিচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। এ কারণে মালিক তাকে বাস চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদ্যপ পান করে মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন সহযোগী তারা মিয়ার পক্ষ নিয়ে আনিছুর রহমান আনিছ কে মারধর করেন। এরপর আনিছুর রহমান কে মারধর করার খবর পেয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় মালিক ও শ্রমিক পক্ষ পৃথকভাবে মহড়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, পরিবহন খাতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির উদ্দেশ্যে একটি পক্ষ শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা