প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুকসুদপুরে পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি

নূর আলম শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পূবালী ব্যাংক শাখায় টাকা অনলাইনের সময় জাল নোট ধরা পড়ে।

ব্যাংক সূত্রে জানা যায়, আব্দুর রহিম ফকির (৩৫) নামের এক ব্যক্তি মোট ৯২ হাজার টাকা অনলাইনের জন্য ব্যাংকে জমা দিতে আসেন। এ সময় ব্যাংকের কর্মকর্তারা টাকাগুলো গণনা ও যাচাই-বাছাই করার সময় সন্দেহজনক কিছু নোট দেখতে পান। পরে ভালোভাবে পরীক্ষা করে দেখা যায় জমা দেওয়া টাকার মধ্যে প্রায় ৫০ হাজার টাকার মতো জাল নোট রয়েছে।

আটক ব্যক্তি আব্দুর রহিম ফকিরের বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মোঃ খোকন ফকির। জাল নোট শনাক্ত হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে ব্যাংকের ভেতরে আটকে রাখেন এবং বিষয়টি দ্রুত মুকসুদপুর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে টাকাগুলো পরীক্ষা করেন। প্রাথমিকভাবে বেশ কিছু নোট জাল বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজারে জাল টাকার প্রচলন বাড়ছে, তাই সবাইকে লেনদেনের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জাল টাকার উৎস খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা