প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসদে উত্তেজনার মধ্যেই আসিফ মাহমুদের ‘Chuppu Must Go’ স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

 

 

 

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি ইংরেজিতে মাত্র তিনটি শব্দ লিখে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন— “Chuppu Must Go”।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে ভাইরাল হয়। এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-কে বোঝানো হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত।

তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি আসিফ মাহমুদ। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে একই দিন জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

এদিকে ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা সংসদে দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট আগে থেকেই সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা