প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষমতার মোহে স্বৈরাচারের পথে গেলে জনগণ ও বিরোধী দল মিলে প্রতিরোধ করবে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো দল যদি দলীয় স্বার্থ বাস্তবায়নের জন্য ক্ষমতার মোহে পড়ে স্বৈরাচারের পথে হাঁটে, তাহলে দেশের জনগণ ও বিরোধী দল একসঙ্গে তাদের প্রতিরোধ করবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের জনগণ— এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থকরাও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে রায় দিয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি। তিনি বলেন, এসব বিষয় উপেক্ষা করে যদি সরকার জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করতে চায়, তাহলে সেই সরকার টিকে থাকতে পারবে না এবং সংসদও স্বাভাবিকভাবে চলবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়েই বিএনপি তাদের পথচলা শুরু করেছে এবং এতে জনগণের কাছে ইতিবাচক বার্তা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দলের হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি।

সারজিস আলম অভিযোগ করেন, স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, যাকে তিনি ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন। এর মাধ্যমে বিএনপি স্বৈরাচার সরকারের সঙ্গে কার্যক্রম শুরু করেছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ছিল বলে তারা মনে করেছিলেন। তবে পরে কিছু নির্দিষ্ট আসনে পরিকল্পিতভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “সব আসনে না হলেও কিছু টার্গেটেড আসনে ফলাফল প্রভাবিত করা হয়েছে। না হলে ২১২ আসনের বিপরীতে ৬৮ আসনের ফল এমন হতো না।”

সারজিস আরও অভিযোগ করেন, নির্বাচনে কিছু বিএনপি নেতাকর্মী সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে ভোটকেন্দ্রে প্রবেশ করে ফলাফলে প্রভাব বিস্তার করেছেন। কিছু জায়গায় পোলিং এজেন্টদের টাকা দিয়ে প্রভাবিত করা হয়েছে এবং প্রশাসনের ওপরও প্রভাব খাটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের নির্বাচন ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। প্রয়োজনে প্রতিরোধের পাশাপাশি তা প্রতিহত করা হবে।

এনসিপির এই নেতা আরও জানান, তারা ১১ দলীয় জোট নিয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে— এককভাবে কিংবা জোটগতভাবে। তবে যেভাবেই হোক, নির্বাচনে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা