প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাষ্ট্রপতিকে ঘিরে উত্তেজনার মধ্যে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু-কে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বার্তায় বলা হয়, আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত রাষ্ট্রপতি চুপ্পুকে পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করা হলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক দেওয়া হবে।

এর আগে সকালেই জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন শুরু হয় জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ার পর ৩০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়। বিরতির পর নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে দুপুর ১টার দিকে অধিবেশন আবার শুরু হয়।

অধিবেশনে বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান স্পিকার। তবে স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা