প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ থেকে শুরু হলো আসল গণতন্ত্র: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন।

অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সিদ্ধান্ত অনুযায়ী স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশনের মধ্য দিয়ে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ কাজে সবার সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী।

বক্তব্য শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন তারেক রহমান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা