ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে একমাত্র মনোনয়ন জমা পড়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের।
সভাপতির আহ্বানে সংসদ সদস্য নুরুল ইসলাম স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে তিনি স্পিকার নির্বাচিত হন।
নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। মহান মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক ‘বীর বিক্রম’-এ ভূষিত হন। তিনি একসময় তৎকালীন পাকিস্তান ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে টানা তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে স্বীকৃতি পান।
তার বাবা ডা. আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং জনপ্রিয়তা অর্জন করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টি-র প্রার্থী হিসেবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে নির্বাচিত হন। পরে ১৯৯২ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন।
১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনেও বিএনপির হয়ে বিজয়ী হন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র মন্ত্রিসভায় তিনি বিভিন্ন সময়ে বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভোলার লালমোহন-তজুমদ্দিন এলাকায় দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখেন। ৮১ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।