জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজ-কে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ-কে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ জানান, সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের একটি বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি জাতীয় সংসদ ভবনে গিয়েছিলেন। সেখান থেকে তাকে একটি আমন্ত্রণ কার্ড দেওয়া হয়। তবে তিনি পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা জানতে পারেননি; সংসদের ভেতরে একজন তাকে পড়ে শোনান। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা কার্ডটি যত্নে রাখার পরামর্শ দেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত হন মহাখালী এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন নাফিজ। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে একটি রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে ছিলেন।
রিকশাচালক নূর মোহাম্মদ তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ফার্মগেটের একটি হাসপাতালে ঢুকতে গেলে স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা হন।
সেই সময় ফটোসাংবাদিক জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি ধারণ করেন। ৪ আগস্ট দিবাগত রাতে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেগুলো দেখেই নাফিজের পরিবার তার খোঁজ পায়।
ছবিতে রিকশার পেছনে থাকা একটি মোবাইল নম্বর দেখে নূর মোহাম্মদের সন্ধান পান পরিবারের সদস্যরা। পরে তিনি জানান, সেদিন ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান এবং এক পুলিশ সদস্যের অনুরোধে আহত নাফিজকে রিকশায় তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।
ঘটনার পর গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের ব্যবহৃত রিকশাটি হস্তান্তর করা হয়। পরে এক ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় তার কাছ থেকে রিকশাটি কিনেছিলেন।