সরকারের মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের আচরণ, বক্তব্য এবং চলাফেরায় সর্বোচ্চ শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে নিজ নিজ দপ্তরের দায়িত্বের বাইরে গণমাধ্যমে মন্তব্য না করতেও কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের প্রথম বৈঠকে সভাপতিত্ব করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার তরুণ সদস্যদের সময়ানুবর্তিতা বজায় রেখে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন। পাশাপাশি জ্যেষ্ঠ নেতাদের প্রতি সম্মান দেখিয়ে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শও দেন তিনি।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে যাতায়াতের সময় ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নিজেও সবসময় আইন মেনে চলার চেষ্টা করেন।
নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তারেক রহমান বলেন, নির্বাচনের পরপরই এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালুর ঘোষণাও দেন তিনি।
এছাড়া আসন্ন ডেঙ্গু মৌসুম সামনে রেখে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করছে। এ অবস্থায় দেশের মানুষকে দৈনন্দিন জীবনে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্বও সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংসদীয় সূত্র জানায়, অধিবেশন শুরুর পর দুই দিনের বিরতি দিয়ে ১৫ মার্চ আবার সংসদ বসবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে বিরতি দিয়ে ২৯ মার্চ থেকে পুনরায় অধিবেশন শুরু হবে।