বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (আশরাফুল হোসেন আলম) জামিন পেয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আটক রাখার চেষ্টা করা হয়েছিল। তবে তিনি দাবি করেন, এ ঘটনায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করার কথাও জানান তিনি।
হিরো আলম বলেন, আগামীকাল দুপুর ১২টায় ঢাকায় তার অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি এবং চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে এক মৌলভী ডেকে কবুলের মাধ্যমে বিয়ের কথা বলা হয় এবং পরে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তারা একসঙ্গে বসবাস করতেন।
অভিযোগ অনুযায়ী, ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর রক্তক্ষরণের পর তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা নেওয়ার কথাও মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, সিনেমা নির্মাণের কথা বলে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, হিরো আলম বগুড়ায় আত্মগোপনে ছিলেন। পরে ঢাকায় পালানোর সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। শাজাহানপুর থানার পুলিশের সহায়তায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে তার গাড়ি থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।