প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সড়কের যানজটে সিগন্যালে দাঁড়িয়ে পড়ল ট্রেন

সড়কের যানজটে সিগন্যালে দাঁড়িয়ে পড়ল ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

সড়কে যানজটে বাস, ট্রাক বা ব্যক্তিগত গাড়ি আটকে পড়া সাধারণ ঘটনা হলেও যানজটে ট্রেন আটকে পড়ার ঘটনা খুবই বিরল। এমনই অস্বাভাবিক একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো এক সময় চট্টগ্রাম বন্দরের কনটেইনার বহনকারী একটি পণ্যবাহী ট্রেন সল্টগোলা রেলক্রসিংয়ে এসে সড়কের তীব্র যানজটে আটকে পড়ে। পরে ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি  চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই)  স্টেশনের দিকে যাচ্ছিল। সল্টগোলা রেলক্রসিংয়ে পৌঁছালে সড়কে চলাচলরত কাভার্ড ভ্যান ও লরির ভিড়ে ট্রেনটির ইঞ্জিন সড়কের মাঝামাঝি আটকে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলেও যানবাহনের চলাচল বন্ধ হয়নি। বরং গাড়িগুলো রেললাইনের ওপর দিয়েই চলাচল করতে থাকে। এতে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কয়েকবার হুইসেল দিলেও যানবাহন থামেনি, ফলে ট্রেনটি বাধ্য হয়ে সড়কের মাঝেই দাঁড়িয়ে যায়।

গোসাইলডাঙা ইয়ার্ডের মাস্টার মাহমুদুল হাসান জানান, ঘটনাটির ভিডিও তাদের নজরে এসেছে। তিনি বলেন, সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেনের ক্ষেত্রে গতি আরও কম থাকে। কিন্তু অনেক চালকের অস্থিরতা ও আগে যাওয়ার প্রতিযোগিতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা