যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্যকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ মার্চ) শহরের ন্যাশনাল মল এলাকায় প্রায় ১২ ফুট উঁচু একটি শিল্পকর্ম স্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্প এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিক প্রেমিক’ রূপে উপস্থাপন করা হয়েছে। খবর প্রকাশ করেছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ‘সিক্রেট হ্যান্ডশেক’ নামে অজ্ঞাতনামা একটি শিল্পী গোষ্ঠী এই ভাস্কর্যটি তৈরি করেছে। বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের একটি আইকনিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘দি কিং অব দ্য ওয়াল্ড’ শিরোনামের এই শিল্পকর্ম নির্মাণ করা হয়।
ভাস্কর্যটিতে সোনালি রঙে আঁকা দুই ব্যক্তিকে একটি জাহাজের নৌমুখের আদলে তৈরি মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে ট্রাম্পকে এপস্টিনের পেছনে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়েছে, যা সিনেমার বিখ্যাত চরিত্র জ্যাক ও রোজের দৃশ্যের অনুকরণ।
শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে আসা দর্শনার্থীদের নজরে সহজেই পড়ে। ভাস্কর্যের নিচে বসানো ফলকে ব্যঙ্গাত্মক বার্তা যুক্ত করা হয়েছে, যেখানে বিলাসবহুল ভ্রমণ ও পার্টির উল্লেখ করে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে।
এছাড়া ভাস্কর্যটির সামনে ইউনাইটেড স্টেট ক্যাপিটালের দিকে সারিবদ্ধভাবে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের পুরোনো ছবি এবং “শেক আমেরিকা সেফ অ্যাগেইন” ধরনের স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীক থাকলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প ও এপস্টিনকে কেন্দ্র করে ন্যাশনাল মলে ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর এটি তৃতীয় শিল্পকর্ম। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং গত সেপ্টেম্বরে “বেস্ট ফ্রেন্ডস ফরএভার” শিরোনামে তাদের হাত ধরে থাকা আরেকটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।
শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জানা গেছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে তারান্যাশনাল পার্ক সার্ভিস থেকে অস্থায়ী প্রদর্শনীর অনুমতি নিয়ে এসব শিল্পকর্ম স্থাপন করেছেন। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন প্রদর্শিত হবে তা এখনও নিশ্চিত নয়।