ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার (১১ মার্চ) থেকে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার জানান, প্রথম অধিবেশন নির্বিঘ্নে চলার জন্য জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী রাত ১২টা থেকে শেরেবাংলা নগর, ময়মনসিংহ রোড, বাংলামটর লিংক রোড, পান্থপথ, মিরপুর রোড, রোকেয়া সরণি, ইন্দিরা রোড, মানিক মিয়া এভিনিউসহ জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথে অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক দ্রব্য বহন এবং যে কোনো সমাবেশ, মিছিল বা বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।