স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে লাইভে এসে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে মানুষকে জানানো তার দায়িত্ব। এ সময় তিনি সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত কথা বলেন।
তিনি আরও জানান, নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার)-এ চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এসব কাজে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
লাইভে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং চলমান প্রশাসনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন তিনি। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার প্রতিশ্রুতিও দেন।
স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের লাইভে আসবেন বলেও জানান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।