ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ সংসদীয় আসন (মোহাম্মদপুর) এর ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে মাওলানা মামুনুল হক হাইকোর্টে আবেদন করেছেন। তিনি জামায়াত জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ওই আসনে বিজয়ী ববি হাজ্জাজ-এর জয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আবেদন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট-এর একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে দেশের বিভিন্ন আসনের আরও ২৫ জন প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ আছে, ২০০১ সালের সংশোধনী দ্বারা পরিবর্তিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য বিষয় এই বেঞ্চে গ্রহণ ও শুনানি করা হবে।