প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহজালাল বিমানবন্দরে ১২ দিনে বাতিল ৩৯১ আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।

বুধবার (১১ মার্চ) নতুন করে আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ১২ দিনে বাতিল হওয়া ফ্লাইটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১টিতে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারওয়েজ-এর ২টি, এয়ার অ্যারাবিয়া-র ৪টি, গালফ এয়ার-এর ২টি, কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস-এর ৪টি, জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি এবং ফ্লাইদুবাই-এর ৪টি ফ্লাইট।

যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা