ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেলের দাম বৃদ্ধির বিষয়টি মোকাবিলায় তার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান ফর এভরিথিং—সবকিছুর জন্য আমার একটি পরিকল্পনা আছে। আপনারা খুব খুশি হবেন।” তবে পরিকল্পনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুড তেলের এর দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। পরে তা কিছুটা কমে প্রায় ১০০ ডলারের কাছাকাছি নেমে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।
পেট্রোলের দাম বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এতে তার কোনো উদ্বেগ নেই। তার মতে, যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে। তিনি বলেন, “পেট্রোলের দাম কিছুটা বাড়ার চেয়ে এই সামরিক অভিযান অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
সমালোচকদের অভিযোগ, ট্রাম্প এখনো এই যুদ্ধের উদ্দেশ্য বা কৌশল সম্পর্কে জনগণ ও আইনপ্রণেতাদের স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে ট্রাম্প দাবি করেছেন, অভিযান শেষের দিকেই রয়েছে এবং নির্ধারিত সময়ের চেয়েও দ্রুত এগোচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, যদি ইরান পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র হামলা আরও জোরদার করবে।