মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়া মোজতবা খামেনিকে তিনি শান্তিতে থাকতে দেবেন না।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতাআয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অসন্তুষ্ট। তার ভাষায়, “আমি বিশ্বাস করি না যে তিনি শান্তিতে থাকতে পারবেন। তাকে কোনোভাবেই আমি শান্তিতে থাকতে দেব না।”
ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রাথমিক ফলাফলেরও প্রশংসা করেন। তিনি দাবি করেন, এই অভিযানের ফলাফল প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে এবং ইতোমধ্যে হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানের প্রথম ধাপেই মার্কিন বাহিনী ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। তার মতে, “যদি আমরা শুরুতেই তাদের ৫০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস না করতাম, তাহলে যুদ্ধ আরও কঠিন হয়ে যেত।”
ইরানি নেতাদের সঙ্গে আলোচনা হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নির্দিষ্ট শর্তের ভিত্তিতে সংলাপ সম্ভব। তিনি বলেন, “আমি শুনছি তারা কথা বলতে চায়। আলোচনা সম্ভব, তবে তার জন্য কিছু শর্ত রয়েছে।”
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে— বিষয়টি তাকে বিস্মিত করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।