প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে আশাবাদী আমির খসরু

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে আশাবাদী আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে প্রমাণ করেছে, নেতৃত্ব থাকলে সব সম্ভব। তিনি বলেন, ফ্যামিলি কার্ড একটি স্মার্ট কার্ড, যা ভবিষ্যতে জাতীয় সব সুবিধা ও সেবা সরাসরি পৌঁছে দেবে। মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরের ৫ হাজার ৫৭৫ জন নারী এই কার্ড পেয়েছেন। তিনি বলেন, “সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনমান উন্নয়নের জন্য আমরা ঝুঁকি নিয়েছি। কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি। সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে হতদরিদ্র পরিবারের নারী প্রধানদের খুঁজে বের করেছেন।”

আমির খসরু আরও বলেন, “পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব নয়। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে মাসে ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যাচ্ছে, যা তাদের হাতে অর্থনৈতিক শক্তি তৈরি করবে।”

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা