স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং তা ধীরে ধীরে প্রত্যেক ঘরে পৌঁছে যাবে। মঙ্গলবার (১০ মার্চ) সকালেই ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ফ্যামিলি কার্ড একটি শক্তি বা ক্ষমতা, যার মাধ্যমে নারীরা সব জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন। এই কার্ড নারীদের গুরুত্ব বৃদ্ধি করবে, পুরুষদেরও তাদের গুরুত্ব দেওয়া শুরু হবে। আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যিনি এই এলাকা বেছে নিয়েছেন।”
তিনি আরও জানান, সরকারে আসার মাত্র ২২ দিনের মধ্যে ইতোমধ্যেই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে, এবং ১৬ মার্চ থেকে খাল খননের কাজ শুরু হবে। বর্ষার সময় পানি সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যা দিয়ে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ ক্রয় করতে পারবে।
বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছর আইন-কানুন ছিল না, নানা রকম নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। এখন কার্ড দেওয়া হচ্ছে বিনা মূল্যে, নারীরা ডিসি বা এসপিরা হলেও কার্ড পাবেন। জনগণের শক্তির কাছে কোনো শক্তিই বড় নয়।”
এছাড়া মির্জা ফখরুল জানান, ২৭ সালে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণ কাজ এগোবে, বেকারদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাদকের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষা করা হবে।