প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আমরা জনগণের সেবক, আমরা জবাবদিহি করতে বাধ্যঃ তারেক রহমান

আমরা জনগণের সেবক, আমরা জবাবদিহি করতে বাধ্যঃ তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। নির্বাচনের আগে জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে। সরকার আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে।” এ সময় তিনি আগামী মাসের মধ্যে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেন এবং দেশবাসীকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

প্রাথমিকভাবে ঢাকার কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ দেশের ১৪টি স্থানে এই প্রকল্প চালু হচ্ছে। নির্বাচিত নারীরা মাসে আড়াই হাজার টাকা ভাতা পাবেন। তবে পরিবারের অন্য কেউ যদি কোনো সরকারি সুবিধা ভোগ করে, তা অব্যাহত থাকবে।

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কমিটি গঠন করে ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালিসামগ্রী ও রেমিট্যান্স প্রবাহসহ তথ্য সংগ্রহ করেন। এরপর ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তথ্য যাচাই-বাছাই ও সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে ৬৭,৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহের পর ৫১,৮০৫টি পরিবার যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা