মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে— এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে।
মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ ডলার কমে ৯৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের (ডব্লিউটিআই) তেলের দামও কমে প্রায় ৯১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে সোমবার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছায়, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। আঞ্চলিক সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে— এমন আশঙ্কায় দাম দ্রুত বেড়ে গিয়েছিল।
পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। ওই আলোচনায় দ্রুত যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম কমতে শুরু করে।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হতে পারে— এমন ইঙ্গিত পাওয়ায় বাজারের আতঙ্ক কিছুটা কমেছে এবং এর প্রভাবেই তেলের দাম নিম্নমুখী হয়েছে।
(সূত্র: রয়টার্স)