প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

সরকারি উদ্যোগে চালু হওয়া এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে মাসিক ভাতা দেওয়া হবে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। পরে একই ব্যক্তি একাধিক ভাতা নেওয়া (ডাবল ডিপিং), সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন কারণ বিবেচনায় চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে নির্বাচিত করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে একটি করে আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। কন্ট্যাক্টলেস চিপযুক্ত এই স্মার্ট কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি থাকবে। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হলে প্রয়োজন অনুযায়ী একাধিক কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী এই অর্থ মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে। তথ্য সংগ্রহের সময়ই এসব আর্থিক হিসাবের তথ্য সংগ্রহ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা