স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে রাজধানীর বনানীতে পৌঁছেছেন তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) উপস্থিত হন। এখান থেকেই কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সরকারের এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রথম পর্যায়ে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক হিসেবে নিশ্চিত করা হয় এবং সেখান থেকে নির্ধারিত পরিবারগুলোকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ঢাকার কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ দেশের ১৪টি স্থানে কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচিত নারীপ্রধান পরিবারগুলো মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। তবে এই সুবিধা নেওয়ার সময় তারা অন্য কোনো সরকারি ভাতা গ্রহণ করতে পারবেন না। যদিও পরিবারের অন্য সদস্যরা তাদের প্রাপ্য সুবিধা চালিয়ে যেতে পারবেন।