সরকারের পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হচ্ছে। কর্মসূচির প্রথম ধাপে দেশের মোট ৩৭,৫৬৪টি নারীপ্রধান পরিবারে এই কার্ড বিতরণ করা হবে।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (১০ মার্চ) সকাল ১০টায় বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে কার্ড দেওয়া হবে। প্রতিটি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন। নির্বাচিত নারী গৃহপ্রধান প্রাথমিকভাবে মাসিক আড়াইহাজার টাকা ভাতা পাবেন, ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে ৬৭,৮৫৪টি পরিবার যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে ৩৭,৫৬৪টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।