টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকার ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয়। পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়।
গত রোববার (৮ মার্চ) সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ একটি পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল দেখা দেয়।
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি প্রাচীন বা প্রাগৈতিহাসিক আমলের হতে পারে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেন।
বড়চওনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমির মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিটির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করা হবে।