শিক্ষাকে মুখস্থনির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতার ওপর ভিত্তি করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে।
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও বাস্তব দক্ষতা অর্জনে উৎসাহিত করা হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ গবেষণাগার স্থাপন এবং উচ্চশিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সভায় জানানো হয়, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া মাধ্যমিক পর্যায় থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে বলে সভায় জানানো হয়েছে।