হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আসামি হস্তান্তর সংক্রান্ত যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা অপরাধীকে আইনের বাইরে থাকতে দেবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বস্তিকর করতে সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হচ্ছে। তিনি জানান, রমজানের পর সারাদেশে বড় পরিসরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করা হবে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশের চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সব বিচ্ছিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে আখ্যায়িত করা ঠিক নয়, তবে সরকার কোনোভাবেই মব পরিস্থিতিকে প্রশ্রয় দিচ্ছে না এবং তা নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৃঙ্খলা রক্ষায় আগামী এক সপ্তাহের মধ্যে সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হওয়ায় এটিকে পরিষ্কার ও শৃঙ্খলাপূর্ণ রাখা জরুরি।
এছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার এবং সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।