ভোলার চরফ্যাশন উপজেলায় সিএনজিচালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর হামলা এবং বাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলার ৫টি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘট সোমবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে শুরু হয়েছে, যার কারণে ওই রুটে যাত্রীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন উপজেলা শহরে সিএনজিচালকরা হঠাৎ করে বাস শ্রমিকদের ওপর হামলা চালায় এবং একটি বাস ও বাস কাউন্টারে ভাঙচুর চালায়।
সরেজমিনে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে দেখা যায়, শ্রমিকরা গাছের গুঁড়ি ফেলে প্রায় ২০ মিনিট ধরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ এসে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকরা সিএনজি আটক করে বাসস্ট্যান্ডে রাখছেন।
ভোলা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, “চরফ্যাশন উপজেলায় সিএনজি স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামা করছে, দুপুরে হঠাৎ আমাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এ হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে ৫টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”
সিএনজি মালিক সমিতি বা চালকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভোলা জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গনি জানিয়েছেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে অন্যান্য যান চলাচল স্বাভাবিক করেছি। তবে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘট শেষ করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।”