প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিপুল গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ অন্তত ৫০টি শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

 

 

 

 

বিক্ষোভকারীরা ‘ইরান থেকে হাত সরাও’ এবং ‘মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ নয়’ লেখা প্ল্যাকার্ড হাতে ট্রাম্প প্রশাসনের নীতির তীব্র নিন্দা জানিয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ইউনিয়ন স্কয়ারে সমবেত কয়েকশ বিক্ষোভকারী বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় হুমকি হলো ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। তারা দাবি করেন, জনগণের করের টাকা যুদ্ধের পেছনে ব্যয় না করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হোক।

মায়া নামের এক আন্দোলনকারী বলেন, “এটি অন্যায়ের যুদ্ধ এবং মূলত অন্য দেশের ভূখণ্ড দখল ও সম্পদ লুটপাটের উদ্দেশ্যে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের চক্রান্ত করা হচ্ছে। যখন আমেরিকার সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন এই যুদ্ধের পেছনে প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার ব্যয় হচ্ছে।”

 

 

 

লস অ্যাঞ্জেলেসে সিটি হলের সামনে কয়েকশ মানুষ ইরানের জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন। সেখানে বিক্ষোভকারীরা বলেন, “ইরানে বোমাবর্ষণ একটি অপরাধ”। একজন লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারী বলেন, এই যুদ্ধ মূলত মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য শুরু করা হয়েছে এবং এতে অগণিত বেসামরিক প্রাণহানি ঘটছে।

নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আসা আন্দ্রে ইস্টন বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা রক্তপাত বন্ধে ব্যর্থ, এবং কংগ্রেসের উভয় পক্ষও ‘ওয়ার পাওয়ার্স রেজোলিউশন’ পাস করতে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধই যুদ্ধ মেশিনকে থামাতে পারে।

বিক্ষোভে বক্তারা হোয়াইট হাউসের সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলা বলে অভিহিত করেছেন।

এই গণবিক্ষোভ প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা সরকারের যুদ্ধংদেহী অবস্থান মেনে নিচ্ছেন না এবং অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছেন।

সূত্র: জিনহুয়া

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা