প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদির শায়েবাহ তেলক্ষেত্রে ফের ইরানের ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ড লক্ষ্য করে আবারও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইরান। সোমবার ভোরে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছোড়া হলেও সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়।

সৌদি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, তেলক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করা হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব-এ একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও **যুক্তরাষ্ট্র**কে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর গত ৯ দিন ধরে অঞ্চলের মার্কিন ঘাঁটি, স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে টানা তিনবার শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে হামলার চেষ্টা হওয়ার পর রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে এর পরিণতি ইরানের জন্য কঠিন হবে।

সতর্কবার্তার ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ওই তেলক্ষেত্র লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা