মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক পরিস্থিতি। ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্ব নিরাপত্তার জন্য তেলের দাম কিছুটা বাড়া খুব বড় বিষয় নয়। এটি নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য।”
ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেল-এর দাম ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে মার্কিন ক্রুড তেল-এর দামও ১০৮ ডলারের ওপরে উঠে গেছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ায় তেলের বাজারে এই চাপ তৈরি হয়েছে।