প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে আটক হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তর সঙ্গে সাক্ষাতের আবেদন বাংলাদেশের

ভারতে আটক ফয়সালের সঙ্গে সাক্ষাতের আবেদন বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তাদের সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়ে আবেদন জানিয়েছে কলকাতায় অবস্থিত  কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তঘেঁষা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আটক করা হয়। গ্রেপ্তারের পর কলকাতায় বাংলাদেশ মিশন আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক দুইজনের সঙ্গে কনস্যুলার সাক্ষাতের অনুমতি চেয়েছে।

সূত্রগুলো বলছে, আগামী সপ্তাহের মধ্যে এ সাক্ষাতের অনুমতি পাওয়া যেতে পারে।

এদিকে রোববার  পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি নাগরিক পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন এবং সে উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন।

এসটিএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ তার সহযোগী আলমগীর হোসেনকে নিয়ে বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যান। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আশ্রয় নেন। তাদের পরিকল্পনা ছিল সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়া।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার আদালতে হাজির করার পর আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা