প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

​হাদি হত্যা মামলার মূল দুই আসামি ১৪ দিনের পুলিশি রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি  হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ মার্চ) ভারতের পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। তবে বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে  পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি আবারও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে তারা সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের মতে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং দীর্ঘদিন বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিলেন।

এসটিএফের দাবি, জিজ্ঞাসাবাদে তারা হাদি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সর্বশেষ তাদের অবস্থান ছিল বনগাঁয়।

তদন্তের স্বার্থে আরও তথ্য জানতে আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর খবর আসে, অভিযুক্তদের ভারতে পালাতে সহায়তার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে শনাক্ত করেছিল মেঘালয় পুলিশ। তবে পরে তারা আনুষ্ঠানিকভাবে এমন কোনো গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিংগাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা