বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, কিছু লোক উসকানিমূলক বক্তব্য দিয়ে বলছে বাসার ইট খুলে নিয়ে আসবে। তিনি কৌতুকের ছলে বলেন, ইট খোলা তো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ, আর এ কাজের জন্য আলাদা শ্রমিকের দরকার নেই—আমাদের নিজেদেরই শ্রমিক আছে। তাই অপ্রয়োজনীয়ভাবে কেউ যেন এমন কাজে না জড়ায়, এতে দুর্ঘটনার ঝুঁকিও থাকতে পারে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। যারা বিভিন্নভাবে সরকার পতনের জন্য উসকানি দিচ্ছেন, তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তার মতে, দেশের স্থিতিশীলতা সবার আগে বিবেচনায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তাই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত এবং আগামী নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে এই সরকার থাকবে কি না। এখনই অস্থিরতা তৈরি করা ঠিক নয়।
বিগত সরকারের ব্যর্থতার দায় বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সমালোচনা করে তিনি বলেন, গত ১৮ বছরের বিভিন্ন সমস্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা সঠিক নয়।
মির্জা আব্বাস বলেন, বিএনপি নতুন করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। একসময় যেমন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া; দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তেমনি ভবিষ্যতে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও পুনর্গঠনে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সংগঠনের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।