প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। পাশাপাশি টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের কীর্তিও গড়েছে তারা।

আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন ভারতের ওপেনাররা। পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত।

দ্রুত ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে অর্ধশতক পূরণ করে তিনি ২১ বলে ৫১ রান করে আউট হন। এরপর ক্রিজে এসে স্যামসনের সঙ্গে জুটি গড়ে ঝড়ো ব্যাটিং করেন ইশান কিষাণ।

স্যামসন ৪৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা। অন্যদিকে ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করেন। শেষ দিকে শিবম দুবে ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন এবং তিলক ভার্মা ৬ বলে ৮ রান করে ইনিংস শেষ করেন।

নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জেমস নিশাম, তিনি তিনটি উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই তিনটি উইকেট হারায় দলটি। ফিন অ্যালেন ৯, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ ও মার্ক চ্যাপম্যান ৩ রান করে আউট হন।

তবে ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। কিন্তু নিয়মিত উইকেট পতনের কারণে দলকে আর জয়ের পথে ফেরানো সম্ভব হয়নি।

ফলে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয় ভারত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা