জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফল পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং দলের একাধিক প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। তবে গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এনসিপি নির্বাচনের ফলাফল গ্রহণ করেছে।
রোববার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি বরিশাল বিভাগ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ফলাফলে কারচুপির কারণে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ কিছু নেতাকে পরিকল্পিতভাবে পরাজিত দেখানো হয়েছে। এছাড়াও ১১ দলীয় জোটের কিছু প্রার্থীরকেও পরিকল্পিতভাবে হারানো হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে এবং রাষ্ট্রের স্থিতিশীলতার কারণে আমরা ফলাফল মেনে নিয়েছি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক উদ্বেগ বাড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, সংসদে ঋণখেলাপি প্রার্থীদের স্থান প্রদান, এবং দুর্নীতি দমন কমিশনের ওপর প্রভাব প্রয়োগের মতো কর্মকাণ্ডকে জনগণ উদ্বেগের সঙ্গে দেখছে।
নাহিদ ইসলাম বলেন, যদি নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দিয়ে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, তাতেও আন্দোলন থামবে না; বরং দেশের বিভিন্ন প্রান্তে আরও নতুন নেতারা জন্ম নেবে। তিনি উল্লেখ করেন, তরুণ ভোটার ও সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে সচেতন হয়ে রাজপথে নামবে।
তিনি সতর্ক করে বলেন, আগামী ১২ মার্চ সংসদে যদি কাঙ্ক্ষিত সংস্কার পরিষদ গঠন না হয় এবং সংস্কার বাস্তবায়ন না করা হয়, তাহলে নতুন আন্দোলনের প্রয়োজন হবে।
ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।