প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল আহমেদ ভারতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল -এর প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ সংঘটনের পর এই দুই ব্যক্তি ভারতে পালিয়ে আসে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করার পর সম্প্রতি আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় জড়ো হন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা