ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরিদের লক্ষ্য করে ইসরায়েল হুমকি দিয়েছে। এক্স-এ ফার্সি ভাষায় প্রকাশিত পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, খামেনির উত্তরসূরি যিনি হবেন, তাকে হত্যা করা হবে।
রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতাদের অবস্থান ও বৈঠকের তথ্য ইসরায়েলের নজরে রয়েছে। খামেনির উত্তরসূরিকে শনাক্ত করার পর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তায় ইতালি প্রস্তুত। তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রশংসা করে “মহান নেতা” হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তায় যা সম্ভব তা করবে।
এর আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। পাশাপাশি ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে ইতালির নৌবাহিনী একটি নৌযান সাইপ্রাসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।